আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরের কেশরপুর-পাটলী-রসুলগঞ্জ সড়কে সংস্কার কাজ না হওয়ায় অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। বুধবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায় ওই সড়কের ৮ কিলোমিটার জুড়ে ভাঙাচোরা,খানাখন্দক ও ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কে কোন সংস্কার কাজ না হওয়ায় এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে চলাচল কষ্টকর হয়ে উঠেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত, শত ছোটবড় যানবাহন চলাচল করে থাকে। এই সড়ক দিয়ে সিলেট বিভাগীয় শহর, সুনামগঞ্জ জেলা শহর ও উপজেলা সদরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষজন যাতায়াত করেন।
এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান চাঁনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সড়কে কোন প্রকার সংস্কার কাজ হয়নি । সাম্প্রতি বন্যার পাশাপাশি বৃষ্টিতে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয় সড়কে। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। এসময় তিনি সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানান । আরেক যাত্রী ওই ইউনিয়নের গোঁয়ালকুড়ি গ্রামের বাসিন্দা আবু সাকের জানান, সংস্কারহীন সড়কে যানবাহনের ঝাঁকুনিতে জান যায় যায় অবস্থা। একবার এ সড়ক দিয়ে চলাচল করলে সুস্থ ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন।’
উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে চলাচলে অসহনীয় কষ্টের শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কেশবপুর-পাটলী-রসুলগঞ্জ সড়কের ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার বন্যা ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ওই সড়কের ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার সড়কের সংস্কারের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু করা হবে।’