জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর এ্যাপ্রোচ সড়ক আবারও ধসে পড়ছে। ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর ওপর নির্মিত সেতুর পূর্বপাশের এ্যাপোচ সড়কের অধিকাংশ অংশ ধসে পড়ছে। এতে করে ওই সড়কের সব ধরনের যানবাহন চলাচল বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। যে কারণে জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, ২০১৩ সালে বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান নলজুর নদীর ওপর ৩৯ দশমিক ১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন।
সেতুর কাজ শেষ হলেও সেতুর এ্যাপ্রোচের জায়গায় এক ব্যক্তি দেয়াল নির্মাণ করায় সেতুটির এ্যাপ্রোচের কাজ বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প এ্যাপ্রোচ দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু করলেও এ্যাপ্রোচ না থাকায় সেতু দিয়ে বড় যানবাহন চলাচল হয়নি। সেতুটির এ্যাপ্রোচের জায়গা অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করলেও গত তিন বছরে তা বাস্তবায়ন হয়নি। ফলে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনসাধারণের চলাচলে পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সম্প্রতিকালে বন্যা ও অতিবৃষ্টিপাতে সেতুটির বিকল্প এ্যাপ্রোচ সড়ক ধসে পড়লে সামান্য কিছু সংস্কার কাজ করা হলে কোন রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করে আসছিল।
নলজুর সেতু বাস্তবায়নের অন্যতম নেতা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, ‘এলজিইডির গাফিলাতির কারণে তিন বছর ধরে সেতুর এ্যাপ্রোচ হচ্ছে না। সম্প্রতি বন্যায় এ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দেয়। নামমাত্র কিছু সংস্কার করা হলেও এখন সড়কের বিশাল অংশ ধসে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন।’
জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘আমি নতুন এ উপজেলায় এসেছি। যান চলাচল অব্যাহত রাখতে কিছু সংস্কার কাজ করার পদক্ষেপ নেয়া হবে।’