- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের সৈয়দ সামাদ আলীর এমবিই খেতাব লাভ

জগন্নাথপুর অফিস
বাংলা ভাষা শিক্ষায় বিশেষ অবদান রাখায় জগন্নাথপুর উপজেলার সন্তান সৈয়দ সামাদ আলী কে বৃটেনের রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ভূষিত করা হয়েছে। তরুণ প্রজম্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। রাজা চার্লসের প্রথম নববর্ষ সম্মাননা এমবিই খেতাব হিসেবে তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের শামসুল আলী ও রোকেয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র সৈয়দ সামাদ আলী ২০০০ সালে যুক্তরাজ্যে যান। সেখানে গিয়ে তিনি বাংলা ভাষা শিক্ষার প্রসারে কাজ শুরু করেন। ২০০৫ সালে যুক্তরাজ্যের নর্থ ইষ্টের সান্ডারল্যান্ডের থর্নহীল সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এছাড়াও সাউথমুর একাডেমিসহ বিভিন্ন কলেজে বাংলা ভাষার ওপর পাঠদান করেন। সৈয়দ সামাদ আলী বাংলা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বাংলা ভাষায় পাঠ্যবই রচনা করেন। তাঁর এই বই যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে।
সান্ডারল্যান্ডের বাসিন্দা সৈয়দ এমদাদ হোসেন জানান, তিনি দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন সম্পন্ন করে প্রথমে জগন্নাথপুরের সৈয়দপুর আদর্শ কলেজ ও পরে সিলেটের রামপাশা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যে গিয়ে তিনি বাঙালি সম্প্রদায়ের শিশু ও তাদের পিতামাতার জন্য শিক্ষাকে সহজলভ্য করতে বাংলা ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এমবিই খেতাবের সম্মাননার জন্য মনোনীত করা হয়। এতে একজন বাঙালি হিসেবে আমরা গর্বিত।
সৈয়দ সামাদ আলী বলেন, এই সন্মাননা পেয়ে আমি গর্বিত। এ সম্মাননা শুধু আমার নয়, পুরো বাঙালি কমিউনিটির। এ স্বীকৃতি আমাকে এসব কাজে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।

  • [১]