- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে ধান সংগ্রহ স্থগিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে লটারির মাধ্যমে কৃষক মনোনীত করার তালিকায় বোরো চাষীদের নাম অন্তর্ভুক্তির অভিযোগে ৪২ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ স্থগিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। গত বৃহস্পতিবার তিনি উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষকে এই স্থগিতাদেশের কথা জানান।
জগন্নাথপুর উপজেলা কৃষি ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর থেকে জগন্নাথপুর উপজেলায় রোপা আমন ধান সংগ্রহ শুরু হয়। এর আগে লটারির মাধ্যমে ৮৪০ জন কৃষক মনোনীত করা হয়। এসব কৃষকের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ধান বিক্রির কথা।
জগন্নাথপুর পৌর এলাকায় কৃষক সুলতান মিয়া বলেন, লটারির মাধ্যমে কৃষক মনোনীত করা হলেও এতে অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। প্রকৃত রোপা আমন চাষিরা এ তালিকায় নেই। বোরো চাষীদের অনেকেই তালিকাভুক্ত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, সরকার কৃষকদের সুবিধার জন্য ২৬ টাকা কেজিতে গুদামে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। বোরো মৌসুমে যেসব ফরিয়া কৃষক সেজে ধান বিক্রি করেছে সেই সব ফরিয়াই আবারো সিন্ডিকেটের মাধ্যমে আমন ধান দিতে তৎপর। এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রকৃত রোপা আমন চাষিদের ধান সংগ্রহের সুযোগ দিতে আমরা জোর দাবি জানাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রুপালি দাশ বলেন, জগন্নাথপুর উপজেলার প্রাথমিকভাবে ৮৪০ মেট্রিক টন ধান দেওয়ার কথা। এরমধ্যে জগন্নাথপুর গুদামে ৫০৯ মেট্রিক টন ও রানীগঞ্জ গুদামে ৩৩১ মেট্রিক টন ধান সংগ্রহের কথা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথপুর গুদামে ৪২ মেট্রিক টন ধান ও রানীগঞ্জ গুদামে ২ মেট্রিক টন দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার গতকাল বলেন, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের মাঠ কর্মীদের মাধ্যমে লটারির মাধ্যমে কৃষক মনোনীত করা হয়েছে। আমি স্বপ্রণোদিত হয়ে এসব তালিকা যাছাই বাছাই করেছি। প্রাথমিকভাবে ৪২ জন বোরোচাষী কৃষক কে সনাক্ত করে তাদের ধান বিক্রি বৃহস্পতিবার স্থগিত করেছি। আরো যাছাই চলছে যাতে রোপা আমন চাষ করেনি এমন কোন বোরো চাষী আমন ধান দিতে না পারেন। তিনি বলেন, তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত আমন চাষিদের ধান বিক্রি নিশ্চিত করা হবে।

  • [১]