জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কর্তৃক সরবরাহকৃত উন্নত মানের ধান বীজ, সার আউশ প্রণোদনা হিসেবে দুই হাজার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।