জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই ১ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সুনামগঞ্জে ১৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।
জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ বছরের আরেক তরুণ। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য কর্মীরা। আজ শনিবার এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া গ্রামের ১৭ বছর বয়সী এক তরুণ ১৭ এপ্রিল ঢাকা থেকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিজ গ্রামে আসেন। ২১ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করে। গত ২৪ এপ্রিল নমুনা সংগ্রহের প্রতিবেদনে ওই তরুণের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনাভাইরাস পজিটিভ তরুণের বাড়িতে গিয়ে আজ তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে দেখা গেছে তার শারীরিক অবস্থা এতটা খারাপ নয়। তাই আমরা তাকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। ওই তরুণের বাড়িসহ আশপাশ আট বাড়ি লকডাউনে রাখা হয়েছে।
তিনি বলেন, করোনা পজিটিভ তরুণের বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখব। প্রয়োজন হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম বলেন, করোনা পজিটিভ তরুণের বাড়ি সহ আট বাড়ি লকডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব বাড়িতে সহায়তা প্রদান করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা আরেক তরুণ করোনা শনাক্ত হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সুনামগঞ্জে একজন ডাক্তারসহ আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নতুন ৮ করোনা রোগীর ৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। ৩ জন নিজের বাড়ীতেই থাকবেন অধিক সতর্কতায়। আক্রান্ত সকলের পরিবারের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আক্রান্তদের এবং আশপাশের বাড়ী লকডাউন করা হয়েছে।