জগন্নাথপুর অফিস
আদালতের রায়ে জগন্নাথপুরে ৩৩০ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের পাশে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে সুনামগঞ্জ
জেলা দায়রা ২য় জজ আদালতের রায়ের পক্ষে নাজির দেবাশিষ দেবের নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের উপস্থিতিতে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়।
জানা যায়, ১৯৯৬ সালে পৌর এলাকার হবিবপুর শাহপুরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসি আবরু মিয়া গংরা একই এলাকার আব্দুল মতিন পক্ষের ক্রয়কৃত ভূমি দখল করেন। ওই সময় সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছিল। তৎসময় আবরু মিয়ার পক্ষ দখল করে নেয় ১১ কেদার (৩.০৪৯ একর) ভূমি। দখলকৃত ভূমিতে আবরু মিয়া বিশাল সীমানা প্রাচীর তৈরি করে ভূমিতে স্থাপনা নির্মাণ করে দখলভোগ করে আসছিলেন।
এদিকে বেআইনিভাবে ভূমি দখল করায় আবরু মিয়া গংদের বিরুদ্ধে ১৯৯৬ সালে আব্দুল মতিন বাদি হয়ে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। সম্প্রতি আদালত মামলার রায় ঘোষণা করেন। মামলার বাদি আব্দুল মতিনের পক্ষের আইনজীবি মির্জা আবু তাহের মোহন জানান, ১৯৯৬ সালে আব্দুল মতিন বাদি হয়ে ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে মাননীয় আদাতের রায়ের আদেশের প্রেক্ষিতে দখলকৃত ভূমি উদ্ধার করে মালিকপক্ষকে বুঝিয়ো দেয়া হয়েছে। রায়ে আমরা খুশি।
অপর দিকে যুক্তরাজ্য প্রবাসি আবরু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে বারবার চেষ্টা করেও তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।