জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশ আসামী ধরতে গিয়ে নারীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ দাবি করেছে ওয়ারেন্টভূক্ত আসামীকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই আবদুস সালাম, এএসআই অরুন সিংহ, এএসআই শাহিন চৌধুরী, পুলিশ সদস্য বেলাল আহমদ, আসামী পক্ষের আফরাতুন নেছা ও আলেচা বিবি। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াগাঁও) গ্রামের আবদুর রহিমের ছেলে সফরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলার ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার বিকেলে
জগন্নাথপুর থানার এসআই আবদুস সালামের নেতৃত্বে পুলিশ আসামী সফরুল ইসলাম কে গ্রেফতার করে। এ সময় পুলিশ ও আসামী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারেন্টের আসামী সফরুল ইসলামের চাচাত ভাই মজর আলী জানান, পুলিশ আসামী ধরতে এসে ঘরের নারীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেছে। পুলিশ প্রতিপক্ষের লোকজনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি। এটা ডাহা মিথ্যা।
স্থানীয় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস হাসিম জানান, শুনেছি পুলিশ আসামী ধরতে গেলে নারীরা একটু চিল্লাচিল্লি করেছেন। এতে পুলিশ ঘরের ২ নারীকে পিটিয়েছে বলে খবর পেয়েছি। পুলিশের ওপর হামলার কোন খবর জানি না।
জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম জানান, ওয়ারেন্টের আসামী নিয়ে নৌকাযোগে ফেরার পক্ষে আসামী পক্ষের লোকজন পুলিশের ওপর চড়া হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে আমিসহ ৪ পুলিশ আহত হয়েছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশের নিকট থেকে আসামী ছিনিয়ে নিতে আসামী পক্ষের লোকজন হামলা করেছে পুলিশের ওপর। গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।