জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়াকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল রবিবার হাইকোটের একটি বেঞ্চ এই আদেশ দেন। চেয়ারম্যান আরশ মিয়ার পক্ষের আইনজীবি ব্যারিষ্টার ইদ্রিছুর রহমান ও হারুন আল কাইয়ুম জানান, হাইকোটের একটি বেঞ্চ সাময়িকভাবে বরখাস্তের আদেশের বিপক্ষে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।কেন এটি অবৈধ ঘোষণা হবে না এমর্মে রুল জারি করেছেন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের (সাময়িক বরখাস্ত) আরশ মিয়া জানান, এখন থেকে দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা নেই।
প্রসঙ্গত, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমনসহ অনিয়মের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইখতিয়ার আহমদের সাক্ষরিত পত্রে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভারে বরখাস্ত করা হয়।