জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রচারে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীরা নিজ, নিজ গোষ্ঠী ও এলাকাবাসীর সঙ্গে উঠান বৈঠক করে নিজের প্রার্থিতা জানান দিয়ে সমর্থন চাইছেন। প্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
জানা যায়, গত বুধবার নির্বাচন কমিশন চতুর্থ ধাপে জগন্নাথপুরসহ দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুয়ায়ী জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে আগামি ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও।
এদিকে তফসিল ঘোষণার পর পরই জগন্নাথপুরে চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা প্রচারে মাঠে নেমে পড়েছেন। গত শনিবার রাতে পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক তাঁর নিজ বাড়িতে ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। ওই দিন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি আরেক চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রিয়াদুল ইসলাম আনসারও স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করেছেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।
জানা যায়, সর্বশেষ ২০১৬ সালের ২৮ মে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলউরা হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাইলগাঁও, আশারকান্দি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এবং ১৪ অক্টোবর পাটলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ থেকে ৬০ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি সিংহভাগ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ শুরু করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর।