জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অর্থ সংকটে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন। সোমবার দুপুরে সরেজমিন ঘুরে এই বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।
এলাকাবাসী জানান, ২০১১ সালে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় এফআইভিডিবির পরিচালনায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মামুনুর রশীদ ও জেসমিন বেগমের দানকৃত ১১ শতক জমির উপরে প্রতিষ্ঠিত হয় মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে দায়িত্বে ছিল এফআইভিডিবি। এরপর প্রায় আট মাস এফআইভিডিবির তত্ত্বাবধায়নে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে। এফআইভিডি চলে গেলে গ্রামবাসীর সহযোগিতায় ও প্রবাসীদের অর্থায়নে ৩ বছর বিদ্যালয়ের কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করে প্রবাসীদের অর্থের যোগান বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষকরা
গত ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মাস দুয়েক বন্ধ ছিল বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান স্বল্প সময় অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। মাঝে মধ্যে বন্ধও থাকে বিদ্যালয়টি। বিদ্যালয় ২ জন শিক্ষক ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯৫ জন শিক্ষার্থীকে পাঠদান করেন।
স্থানীয় লোকজন জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে মাঝে মধ্যে খোলা হয়। সামান্য সময় পাঠদান কার্যক্রম শেষে দুপুর ১২টার আগে ছুটি হয়ে যায়। এমতাস্থায় ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার ১১জন শিক্ষার্থীরা অনিশ্চতায় মধ্যে রয়েছে।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের শিক্ষক শাহিদ আহমদ জানান, বিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকে স্বল্প বেতন নিয়ে আমরা পাঠদান চালিয়ে আসছি। গত আট/দশ মাসের বেতন পাচ্ছি না। এভাবে কতদিন চলবে জানা নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক তুতি জানান, বিদ্যালয়ে কিছুদিন পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। বিদ্যালয় পরিচালনার সকল সদস্যদের সহযোগিতায় বিদ্যালয়টি আবার চালু করা হয়েছে। শিক্ষকদের বেতন সময়মত যাতে দেওয়া হয় সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান, এনজিও সংস্থা পরিচালিত বিদ্যালয়টি শুনেছি স্থানীয় লোকজন পরিচালনা করছেন। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান সম্পর্কে আমার কিছু জানা নেই।