জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাদামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
একটি মামলার কাজে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ সুনামগঞ্জে গিয়েছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি ফৌজধারী মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুরের ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার উপজেলার কলকলিয়া
ইউনিয়নের নাদামপুর গ্রামের ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ও একই গ্রামের খায়রুল হক রূপা মিয়ার পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায় ইকবাল হোসেন সাজ্জাদকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছিলেন।