জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক হাওরের দুর্যোগ আমাদেরকে অকুল সাগরে ফেলে দিবে মনে হলেও সরকার হাওরের ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ সাহসিকতার সহিত মোকাবিলা করেছে। মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ আমরা সবাই হাওরের ক্ষতিগ্রস্ত ফসল হারানো মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবিলায় যা যা করনীয় তা করেছি।’
তিনি বলেন,‘জগন্নাথপুরসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কিন্তু কিছু কিছু ঠিকাদারের কারণে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হচ্ছে। অর্থ বরাদ্দ থাকা স্বত্বেও সময়মতো ঠিকাদাররা কাজ না করায় ঠিকাদারদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছর সময় লাগায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন,‘ এসব বিষয়
নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ভাবতে হবে।’
তিনি জগন্নাথপুর ভবেরবাজার- নয়াবন্দর কাঠালখাইড় রাস্তা দীর্ঘদিনেও ঠিকাদার শেষ না করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী সুনামগঞ্জে ৫০০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে কিছু মানুষের বিরোধিতা প্রসঙ্গে বলেন,‘ ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজের জন্য মদনপুর সুন্দর ও শ্রেষ্ঠ জায়গা। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তের ওই স্থান জেলার অধিকাংশ উপজেলার মানুষের জন্য সুবিধাজনক চমৎকার স্থান হবে। অহেতুক বির্তকে জড়ানো হচ্ছে।’
দিনব্যাপি জগন্নাথপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান ও আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক লোকজনের মধ্যে জনতা ব্যাংকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন। পরে তিনি ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
দুপুর ১২টায় উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও জনতা ব্যাংকের জগন্নাথপুর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ।
শিক্ষিকা সালেহা পারভীনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সিলেটের জনতা ব্যাংকের জিএম রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইফতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৫ শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
পরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গো-খাদ্য ও টিন বিতরণ করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. সৈয়দ শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।