- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে করোনায় নারীর মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় করোনায় মারা গেছেন কলকলিয়া ইউনিয়নের ময়না মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৬৪) আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় উপজেলার সৈয়দপুর গ্রামের পল্লী চিকিৎসক সৈয়দ তইফুর রহমানের (৬০)। শুক্রবার দুপুরে জানাযার নামাজ শেষে নিজ বাড়িতে পৃথকভাবে তাদের দাফন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্র জানায়, সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনা ও করোনা উপসর্গে মৃত্যুর হার বাড়ছে। গত ৩১ জুলাই করোনার নমুনা পরীক্ষা করা হলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী রাশেদা বেগম এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
অপরদিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দপুর বাজারের জনপ্রিয় পল্লী চিকিৎসক সৈয়দ তইফুর রহমান বৃহস্পতিবার রাতে মারা যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক নাজমুল সাহাদাত বলেন, ৩১ জুলাই নমুনা পরীক্ষায় রাশেদা বেগম পজিটিভ সনাক্ত হলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠাই। তাঁর মৃত্যুর হিসাব আমাদের উপজেলায় অন্তর্ভুক্ত হবে। উপসর্গ নিয়ে আরেক ব্যক্তির মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।

  • [১]