- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে কৃষকের নিকট থেকে ধান ক্রয় শুরু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় সরকার কর্তৃক কৃষকদের নিকট থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার লটারিতে বিজয়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়।
জগন্নাথপুর খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য কর্মকর্তা আব্দুর রউফ, প্রেসক্লাব সভাপতি শংকর রায় কৃষক মুক্তার আলী উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, একজন প্রান্তিক কৃষকের নিকট থেকে এক টন, মাঝারি কৃষকের নিকট থেকে দুই টন এবং বড় কৃষকের নিকট থেকে তিন টন করে ধান সংগ্রহ করা হবে।
তিনি বলেন, লটারিতে মনোনীত কৃষকরা ধানের আদ্রতা নিশ্চিত হয়ে গুদামে ধান আনতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব জানান, ১১ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। জগন্নাথপুরে দুটি গুদামে ২৬ টাকা কেজি দরে ২৬০৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। প্রথমদিনে একটন ধান ক্রয় করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, লটারিতে মনোনীত হলেও কোন কৃষক ধানচাষ করেননি কিংবা ভুলতথ্য দিয়ে ধান দিতে চেষ্টা করছেন প্রমাণিত হলে তার কৃষি কার্ড বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • [১]