আলী আহমদ, জগন্নাথপুর
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা।
সরেজমিনের ঘুরে দেখা যায়, উৎসাহ-উদ্দীপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে পুরুষ ভোটারের বাড়তে থাকে।
ভোট কেন্দ্র পরির্দশনকালে দেখা যায়, কলকলিয়া ইউনিয়নের নাদামপুর, মজিদপুর, খাশিলা, গোড়ারগাঁও,শফাত উল্লাহ, আটপাড়া, পাটলী ইউনিয়নের চানপুর, মিনহাজপুর, কবিরপুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর, চিলাউড়া, ভুরাখালি, রানীগঞ্জের নারিকেলতলা, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্রে উপচেপড়া নারী ভোটার দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে তাঁরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। নারিকেলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন রুবি বেগম নামের এক ভোটার। তিনি বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। এজন্য ভালো লাগছে। সকালে এসেছি ভোট দিয়ে দ্রুত বাড়ী চলে যাবো। আরও অনেক নারী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।
সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোট দিতে এসেছেন এক মধ্যবয়সী নারী সীতা বেগম।
তিনি বলেন, আমাদের জন্য যে ভালো করবেন, তাকেই ভোট দেবো। আমি আরও অনেকবার ভোট দিয়েছি। এবার যেন ভোটের উৎসব অন্যসব নির্বাচনের চেয়ে বেশি মনে হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুরে সাতটি ইউনিয়নের ভোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮শ’ ২৩ জন। মোট কেন্দ্র ৭৭ টি।
নির্বাচন রির্টানিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।