জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বন্দোবস্তকৃত ঘর থেকে মাত্র দেড়ঘণ্টার নোটিশে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। নোটিশের মাত্র দেঢ় ঘণ্টার মাত্রায় উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রবিবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি জানান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী সুব্রত কুমার দাস বলেন, ‘আমি একজন গরীব ক্ষুদ্র ব্যবসায়ী। আমার শ্বশুর নির্মলকান্তি দাস একজন বীর
মুক্তিযোদ্ধা। আমার শ্বশুর মুক্তিযোদ্ধাদের সাহায্যে জগন্নাথপুর পৌরপয়েন্ট এর দক্ষিণ পার্শ্বে এস.এ ১৭২নং জে.এল.স্থিত ইকড়ছই মৌজার ৪২৭ নং দাগের সরকার কর্তৃক ফেরী ফেরী শ্রেণিভূক্ত ০.০০৫০ একর বাজার ভিটরকম ভূমিতে বিগত ২০০৮ইং সনে প্রথম দিকে সামান্য মাটি ভরাট করে কাঁচা মালের দোকান দিয়ে ব্যবসা করে আমাদের জীবিকা নির্বাহ করছিলাম। পরে আমি সহকারী কমিশনার (ভূমি) নিকট অকৃষি খাস জমি বন্দোবস্তের নীতিমালায় বাজার ভিট বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করি। আমাকে ভিট বন্দোবস্ত প্রদান করা হয়। আমি সেখানে বাঁশ দিয়ে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা ও প্রতি বছর সরকারি খাজনা পরিশোধ করছি। পরে আমার নিজ নামে বন্দোবস্তকৃত ভূমির পার্শ্বে আমার মা উষা রাণী দাসের নামে আরেকটি ভিট বন্দোবস্ত নেই। দুইটি দোকানে ব্যবসা পরিচালনা করা অবস্থায় প্রায়ই আমার ঘরের মালামাল চুরি হয়ে থাকে এবং গত দুই সপ্তাহ আগে প্রচন্ড ঝড়ে ঘর দুইটি ভেঙে পড়লে আমি ক্ষতিগ্রস্ত হই। আমাদের ঘর দুইটি ভেঙে পড়ায় সহকারী কমিশনার ভূমি অফিসের লোকজনের সাথে কথা বললে তারা আমাকে ভিটা দুইটির উপর আধাপাকা টিনসেট ঘর নির্মাণের পরামর্শ দেন। ভুমি অফিসের কর্মচারীদের পরামর্শে ঋণ নিয়ে দুইটি ভিটায় হালকাপাকা পিলার দিয়া ইট দিয়ে ঘর তৈরি করি।
মঙ্গলবার দুপুরে স্থানীয় তহশিলদার এসে ঘরের কাজ বন্ধ করার জন্য অনুরোধ করেল আমি কাজ বন্ধ করে দেই। গতকাল রবিবার দুপুর ১২টার সময় হঠাৎ করে ভুমি অফিসের কর্মচারী আব্দুল হক আমাকে দোকানের পাশে পেয়ে দুইটি নোটিশ দিয়া রিসিভ কপিতে স্বাক্ষর নিয়া যান। তবে স্বাক্ষরের পাশে তারিখ সময় লিখতে দেন নাই। পরে দেখতে পাই নোটিশগুলো ৮ জুন তারিখে ইস্যু করা। নোটিশ রিসিভ করার ঠিক দেড় ঘণ্টা পর কতিপয় রাজমিস্ত্রি ও শাহজাহান মিয়া এবং ভূমি অফিসের তহশীলদার দোকান ঘরের ইট এবং পাকা পিলার ভেঙে ধুলিসাৎ করে চলে যায়। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান বলেন, ‘অনুমতি না নিয়ে সরকারি বন্দোবস্তকৃত বাজার ভিটে পাকাঘর নির্মাণ করা ও অতিরিক্ত জায়গা দখল করায় দুইটি ভিট থেকে দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।’