জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির দু’পক্ষের সম্মেলন আজ। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জাপার দ্বিধাবিভক্ত দুটি অংশই একই স্থানে সম্মেলনের আয়োজন করায় দু’গ্রুপের দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুুতি কমিটির আয়োজনে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া
চৌধুরী, জাতীয় পার্টি নেতা আব্দুল্লাহ সিদ্দিক।
উপজেলা জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক কাউন্সিলর খলিলুর রহমান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লাল মিয়া বলেন,‘সম্মেলনের জন্য আমরা সকল প্রস্তুুতি গ্রহণ করেছি। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমাদের বাহিরে আর কোন জাতীয় পার্টির অস্তিত্ব নেই।’
অপরদিকে জাতীয় পার্টির অপর একটি অংশ একই স্থানে একই সময়ে পাল্টা সভা আহ্বান করেছে। উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ডা. আছকির খান একই সময়ে সভা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম হল বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। এ নিয়ে জাতীয়পার্টির দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে জাপা নেতা ডা. আছকির খান বলেন,‘ আমরা বিষয়টি জাতীয় পার্টির জেলা নেতৃবৃন্দকে অবহিত করেছি। আজ আমরা সভা করে পাল্টা কমিটি ঘোষণা দিব।’
এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।