জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জুয়ার আসর থেকে পুলিশ ৩ শিশুসহ ৫ জনকে আটক করেছে। তবে ৩ শিশু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। অপর আটককৃত ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার পৌরশহরের জগন্নাথপুর আছিম শাহ মাজার প্রাঙ্গণ থেকে রবিবার রাতে জুয়া খেলার আসর থেকে পুলিশ ইকড়ছই এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩২), নেত্রকোনা জেলার মদন থানার তিরপন গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র আব্দুল হাসিম (৩৪), উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র বিল্লাল মিয়া (১৪), একই গ্রামের রজাক মিয়ার পুত্র মিজানুর রহমান (১৩) ও আব্দুস শহীদের পুত্র সামির উদ্দিন (১৫) কে আটক করা হয়। আটককৃত শিশু বিল্লাল মিয়া, মিজানুর রহমান ও সামির উদ্দিনের অপ্রাপ্ত বয়স থাকায় তাদের মুচলেকা আদায় করে সোমবার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর দুইজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন জানান, অপ্রাপ্ত বয়স হওয়ায় ৩ শিশুকে মুচলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত অপর ২জনকে কারাগারে পাঠানো হয়েছে।