জগন্নাথপুর অফিস
জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, ‘হাওরের ফসলরক্ষা বেঁড়িবাধ নির্মাণের পিআইসিগুলোর সঙ্গে জনগণের সস্পৃক্ততা ছিল না। যে কারণে অনেক পিআইসি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। হাওরের ফসলরক্ষা করতে হলে পিআইসির সঙ্গে বাঁধ নির্মাণ কাজে জনসাধারণকে সক্রিয়ভাবে থাকতে হবে।’ তিনি বলেন, আগামী বোরো মৌসুমে পিআইসিগুলোর সাথে জনগণ সম্পৃক্ত থাকবেন এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে বেঁড়িবাধের কাজ সম্পন্ন করতে হবে। তিনি জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্বে থেকে কাজ করার জন্য আহবান জানান।
রবিবার সন্ধ্যায় তিনি জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে উন্নয়ন এবং সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসু উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রানা, জাপা নেতা আব্দুল মনাফ প্রমুখ।