- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে জয়ের ধারাবাহিকতা রক্ষায় মরিয়া আ. লীগ- বিএনপি ২০ বছর আগের অবস্থান ফিরিয়ে আনতে তৎপর

বিশেষ প্রতিনিধি ও জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরে আওয়ামী লীগ জয়ের ধারাবাহিকতা রক্ষায় মরিয়া হয়ে মাঠে নেমেছে। দলের বেশিরভাগ নেতারাই দলীয় ঐতিহ্য ধরে রাখতে সক্রিয়ভাবে প্রচারণায় রয়েছেন। অবশ্য.বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেকায়দায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা। দলের কিছু নেতাকর্মীও প্রকাশ্যে-অপ্রকাশ্যে বিদ্রোহীদের পালে হাওয়া দেওয়ায় চাপে পড়েছেন দলীয় প্রার্থীরা। অন্যদিকে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে এই উপজেলার ৪ ইউনিয়নে ভাগ বসাতে চায় বিএনপি। বিএনপি’র দায়িত্বশীলরা বলেছেন, ৪ টি ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তাদের প্রার্থীরা। জগন্নাথপুরের ৭ ইউনিয়নের নির্বাচন ২৮ মে। ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ১৮ জনই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট প্রবাসী। এর মধ্যে ১১ জন প্রবাসী মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন।
জগন্নাথপুরে ২০১১ সালের ইউপি নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের কেবল কলকলিয়া ইউনিয়ন ছাড়া সব কয়টিতেই আওয়ামী লীগ জয় পেয়েছিল। কলকলিয়া ইউনিয়নে জামায়াত সমর্থক প্রার্থী জয়ী হয়েছিল। ২০০৬ সালে ৮ ইউনিয়নের সব কয়টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছিল। ২০০১ সালেও একই অবস্থা ছিল। আওয়ামী লীগের এই দূর্গে এবারও আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হবে, এমন প্রত্যাশা করেছেন দলীয় দায়িত্বশীলরা।
তবে তৃণমূলের অনেক কর্মীরাই বলেছেন,‘বিগত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের যারা বিরোধিতা করেছিল, বেশিরভাগ ইউনিয়নে তারাই হয়েছে বিদ্রোহী প্রার্থী। এদের পক্ষে দলের কিছু নেতা কর্মীও প্রকাশ্যে-অপ্রকাশ্যে কাজে রয়েছে, কেউ কেউ দিনে নৌকার পক্ষে প্রচারণায় থাকে, রাতে বিদ্রোহী প্রার্থীর কৌশল নির্ধারণী সভায় অংশ নেয়’।
মঙ্গলবার দিনভর জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দীপক কান্তি দে, বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিম ও বিএনপি প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়ার প্রচারণা সমানে-সমান। একাধিক ভোটার বলেছেন,‘এখানে ত্রি-মুখী লড়াই জমে ওঠেছে’।
পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আঙ্গুর মিয়া ও দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক’র অবস্থান সমানে-সমান।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নেও আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আরশ মিয়া ও বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রাশিদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেছে।
রানীগঞ্জ ইউনিয়নে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. শহীদুল ইসলাম রানা, দলীয় বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মো. মজলুল হক ও বিএনপির প্রার্থী শামছুল ইসলাম রয়েছেন এই লড়াইয়ে।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান ও বিএনপির প্রার্থী মোসাব্বির আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেছে।
আশারকান্দি ইউনিয়নে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ্ আবু ঈমানী, দলীয় বিদ্রোহী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ মদরিছ ও আয়ুব খান এই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
পাইলগাঁও ইউনিয়নে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আপ্তাব উদ্দিন, দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী আফজাল, বিএনপির বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ও জমিয়তে উলামায়ে ইসলামের দবির মিয়ার মধ্যে গড়ে ওঠেছে এই প্রতিযোগিতা।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দ্বীপক কান্তি দে বলেন,‘আমি সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী, প্রায় ২০ বছরের অধিক সময় ধরে কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি, দলীয় নির্বাচন হওয়ায় দলের নেতাকর্মীদের আকাঙ্খা অনুসারে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচনী প্রচারণায় প্রত্যেক এলাকায় গিয়ে টাকার ছড়াছড়ির কথা শুনতে হচ্ছে, আমার প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীই প্রবাসী শিল্পপতি, আমার টাকা ছড়ানোর ক্ষমতা নেই, কোনভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনও করতে চাই না আমি, আমার দাবি থাকবে প্রশাসন যেন টাকা ছড়ানো বন্ধ রাখার ব্যবস্থা নেন’।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিম বলেন,‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই যুক্ত, দলীয় ষড়যন্ত্রের কারণে আমি নৌকা পাইনি, আমি লন্ডন চলে যেতে চেয়েছিলাম, আমার সমর্থক ও ভোটাররা আমাকে যেতে দেন নি, তারা বলেছেন আপনি স্বতন্ত্র প্রার্থী হলেও ভোট দেব আমরা, এজন্য প্রার্থী হয়েছি’।
বিএনপির দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম বলেন,‘আমি প্রবাসে থাকলেও নির্বাচিত হলে দেশেই মানুষের পাশে থাকবো, আমার পরিবারের নানা অবদান রয়েছে, এই ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হলে ইনশাল্লাহ্ আমি জয়ী হবো’।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের স্কুল পড়–য়া এক কিশোর বললো,‘আওয়ামী লীগের জগন্নাথপুর উপজেলা কমিটিতে থাকা একজন নেতা তাদের এলাকায় এসে নৌকার প্রার্থীর পক্ষে না থেকে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকার কথা বলেছেন’। একই অবস্থা চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাটলী ইউনিয়নে।
জগন্নাথপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা, কলকলিয়া ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন,‘দলে থেকে যারা দলের প্রার্থীর বিরোধিতা করবে, তাদের ভোট একটাই, তারা অন্য ভোটারের উপর প্রভাব ফেলতে পারবে না, আওয়ামী লীগের দূর্গে জগন্নাথপুরে অতীত ঐতিহ্যই বজায় থাকবে’।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা বলেন,‘জগন্নাথপুরের ৮ ইউনিয়নের ৭ টিতে নির্বাচন হচ্ছে, মামলা থাকায় মিরপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে, ৭ টি ইউনিয়নেই দলীয় প্রার্থীকে বিজয়ী করাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি আমরা, দলীয় প্রতীক পাওয়ার আগে প্রতিযোগিতা ছিল, যার যার মতো করে দলীয় প্রার্থী হবার চেষ্টা হয়েছে, এখন নৌকা দেখার পর এই প্রতিযোগিতা নেই, দলীয় সভানেত্রী’র স্বাক্ষরে প্রার্থী মনোনয়ন হয়েছে, দলের কেউ নৌকার বিরোধিতা করলে এবং নৌকার বিজয় ঠেকানোর চেষ্টায় থাকলে, প্রমাণ পেলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন,‘বিএনপি’কে আমরা প্রতিদ্বন্দ্বি ভাবছি না, জগন্নাথপুরের কোন ইউনিয়নেই বিএনপি’র প্রার্থী আমাদের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না, দলীয় বিদ্রোহীরা কোন কোন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় ওঠে আসলেও যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের সম্ভাবনা বাড়ছে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আওয়ামী লীগ করলে নৌকার পক্ষে থাকতে হবে, দলের পদে থেকে নৌকার বিরোধিতা করলে পদ ও দল দুটোই ছাড়তে হবে, কে প্রার্থী হয়েছে, সেটি বিবেচনার আনার আগে এই প্রতীক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা-ই প্রার্থীকে তুলে দিয়েছেন, এটি মাথায় রাখতে হবে’।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লে. কর্নেল অব. আলী আহমদ বলেন,‘১৯৯১ সালের ইউপি নির্বাচনে জগন্নাথপুরের ৯ টি ইউনিয়নের ৫ টিতেই বিএনপি’র প্রার্থীরা জয়ী হয়েছিল, আমরা আমাদের পুরোনো অবস্থান ফিরিয়ে আনার চেষ্টা করছি, দলীয় নেতা কর্মীরা আন্তরিকভাবে কাজ করছে, আমরা খুবই আশাবাদি সৈয়দপুর-শাহাড়পাড়া, কলকলিয়া, রানীগঞ্জ এবং পাটলী ইউনিয়নে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন, সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে, এসব ইউনিয়নে আমাদের প্রার্থীরা জয়ী হবে’।

  • [১]