জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ সংষ্কারে কৃষকদের নিরন্তর সংগ্রাম চলছে। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও যথাসময়ে পিআইসি ও ঠিকাদাররা কাজ শেষ না করায় গত কয়েকদিনর অব্যাহত বৃষ্টিতে পিআইসি ও ঠিকাদারদের যৎসামান্য কাজের বেড়িবাঁধগুলো ঝুঁকিতে পড়ে। এতে করে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এমনিতেই মইয়ার হাওরে নিম্নমানের কাজ করা একটি বেড়িবাঁধ ভেঙ্গে শনিবার ফসল হানির ঘটনায় কৃষকদের মধ্যে আতংক দেখা দেয়। গত দুইদিন ধরে এসব ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংষ্কারে স্থানীয় কৃষকরা ঝাঁপিয়ে পড়েছেন।
রবিবার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরির্দশন করে সংষ্কার কাজ তদারকি করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীসহ একটি প্রতিনিধিদল। কৃষকরা জানান, গত কয়েকদিনের অব্যাহত বর্ষণে নলুয়ার হাওরের শালিকা,বেতাউকা, ভূরাখালি,মইয়ার হাওরের নারিকেলতলা,কাটাগাঙ্গের পাড় এলাকার বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। ঝুঁকিতে পড়ে হাওরের কয়েক হাজার হেক্টর বোরো ফসল। এসব বেড়িবাঁধ সংষ্কারে সংশ্লিষ্ট পিআইসি ও ঠিকাদারদের খুঁজে পাওয়া না গেলেও কৃষকরা নিরন্তন প্রচেষ্টা চালিয়ে বেড়িবাঁধের কাজ চালিয়ে যান।
নলুয়ার হাওরের কৃষক সিদ্দিক মিয়া জানান, কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করে বেড়িবাঁধ রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, পাউবোর ঠিকাদার ও পিআইসি যদি যথাসময়ে সঠিকভাবে কাজ শেষ করত তাহলে কৃষকদেরকে ফসল নিয়ে দুর্ভোগে পড়তে হত না।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, শনিবার গভীর রাত পর্যন্ত শতাধিক কৃষক নিয়ে কাজ করে আমরা একটি বেড়িবাঁধ রক্ষা করেছি। এই বেড়িবাঁধের ঠিকাদারকে খুঁজে পাইনি। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংষ্কারে কৃষকদেরকে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, জগন্নাথপুর উপজেলার কৃষকরা এবার বড় দুর্ভোগে আছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,উপজেলার কয়েকটি বেড়িবাঁধ অতিবৃষ্টিতে ঝুঁকিতে পড়েছে। সেইসব বেড়িবাঁধ রক্ষায় আমরা কৃষকদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।