জগন্নাথপুর অফিস
গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির কারণে জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধগুলো ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে হুমকির মুখে পড়েছে হাওরের ২৫ হাজার হেক্টর বোরো ফসল। কৃষকরা শংকিত হয়ে পড়েছেন। মঙ্গলবার থেকে ঝুকিপূর্ণ বাধঁগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে।
কৃষকরা জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের শালিকা ও নেতাইখালী বেড়িবাঁধে কিছু কিছু অংশে ফাটল দেখা নিয়েছে। এছাড়াও মইয়ার হাওরের ইসমাইলচক ও কুশিয়ারা বেড়িবাঁধও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
ভূরাখালি গ্রামের কৃষক নেতা সিদ্দিকুর রহমান জানান, ‘অব্যাহত বৃষ্টির কারণে শালিকা ও নিতাখালী বাঁধের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। মাটি নিচের দিকে দেবে যাচ্ছে। দ্রুত সংস্কার কাজ না করা হলে হাওরের ২৫ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে যেতে পারে। ২০১০ সালের এই বাঁধ ভেঙ্গে নলুয়ার হাওরের পাকা ফসল পানিতে তলিয়ে যায়। এই ভয়াবহ ঘটনা আজও কৃষকরা ভুলতে পারেননি। এছাড়াও ফসলের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কৃষকরা শংকিত হয়ে পড়েছেন’।
স্থানীয় কৃষি অফিস সুত্র জানায়, এ বছর উপজেলার নলুয়া, মইয়ার, পিংলার হাওরসহ ছোটবড়সহ মোট ১৫টি হাওরে ২৫ হাজার হেক্টর বোরো ফসল চাষাবাদ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তা (এসও) মোসাদ্দেক আহমদ বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে মেরামতের কাজ চলছে। চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ২২টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ক কমিটি) অনুকূলে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ আসে। এছাড়া ৪টি ঠিকাদারী গ্রুপের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়’।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী মোহাম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার হাওর ঘুরে এ প্রতিবেদককে জানান, ‘অব্যাহত বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত বাঁধগুলোতে সংস্কার কাজ চলছে। এসব বাঁধে বাঁশ ও বস্তা দিয়ে আড় দিতে বলেছি’।