জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেল দুইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলা সদরে থেকে ইঞ্জিনচালিত একটি খোলা নৌকা নিয়ে কয়েকজন যাত্রী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনাগাও গ্রামে রওয়া হলে নলুয়ার হাওরের দাসনাগাও গ্রামের নিকটবর্তী স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রী হেলেনা বেগম পানিতে ডুবে
নিখোঁজ হন। তিনি ওই গ্রামের আজিজ মিয়ার স্ত্রী।
ডুবে যাওয়া নৌকায় হেলেনার বেগমের সঙ্গে তার সাত মাসের শিশুপুত্র ও স্¦ামী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে এক হাতে ধরে ও অপর হাতে নৌকায় থাকা একটি ড্রাম ধরে পানিতে
ভাসছিলেন আজিজ মিয়া। গ্রামের লোকজন নৌকা নিয়ে এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু দাস জানান, প্রচন্ড ঝড়ের মুখে পড়ে নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে গিয়ে ওই মহিলা নিখোঁজ হন। গ্রামবাসি এগিয়ে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেছেন।