- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে তিনদিন ধরে দোকান কর্মচারী নিখোঁজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদর বাজারের এক দোকান কর্মচারী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ দোকান কর্মচারীর বড় ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। কাজল দাস (১৪) নামের এই কর্মচারী জগন্নাথপুর উপজেলা দাসনোওয়াগাঁও গ্রামের কবিন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, কাজল দাস (১৪) জগন্নাথপুর বটেরতল এলাকার বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেবের টেইলারিং দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে মালিকের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিযাপন ও সকালে দোকানে আসত। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর দোকানে যায়নি। বেলা বাড়ার পর থেকে তার খোঁজ খবর নেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনসহ সব জায়গায় খোঁজ খবর করে তাঁর কোন সন্ধান মিলেনি।
নিখোঁজ দোকান কর্মচারীর ভাই প্রনয় দাস জানান, আমার ভাই কে খুঁজে না পেয়ে আমাদের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি। এখনো সন্ধান পাওয়া না যাওয়ায় দুশ্চিন্তায় আছি।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেব জানান, গত এক বছর ধরে সে দোকানে কাজ করছে। কোনদিন কাজে ফাঁকি দেওয়া কিংবা বাজে আড্ডা দিতে দেখিনি। হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, তরুণ দোকান কর্মচারী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

  • [১]