জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরদের হামলায় আহত হয়েছেন ২ জন । এ ঘটনায় এক চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের রূপা মিয়ার বাড়িতে ৩/৪ জনের একদল চোর বসতঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ৩৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ও পারিবারের লোকজন বাধা প্রদান করেন। এতে চোরদের হামলায় গৃহকর্তার স্ত্রী স্বপনা বেগম (৪০) ও পুত্র জুনেদ আহমদ (১৮) আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক চোরকে আটক করতে সক্ষম হলেও অপর চোররা পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম জানান, চোর জসিম উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছি। সে ওই ইউনিয়নের বলবল গ্রামের আওলাদ মিয়ার পুত্র। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, চুরির ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।