- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর আত্মহত্যা- ৬ জনকে আসামী করে মামলা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ধর্ষিতা কলেজছাত্রী বিষপানে আত্মহত্যার ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক, সালিশী ব্যক্তিসহ ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম কে ২৫ জুলাই তারই খালাত ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুছ মিয়া ও তার বন্ধু আবদাল মিয়ার ছেলে শাহেদ মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাটলী সড়কের কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে সিএনজির পর্দা লাগিয়ে কলেজছাত্রীর মুখে চেপে ধরে জোরপূর্বক অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়ির রাস্তায় মেয়েটি কে নামিয়ে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে তারা চলে যায়। ধর্ষণের বিষয়টি কলেজছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই রাতে মেয়েটির পরিবার’র পক্ষ থেকে ইউনুছ মিয়ার পরিবারকে অবহিত করে বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছের বাবা, ভাইসহ পরিবারের অন্যরা তাদেরকে মারধর করার জন্য এগিয়ে আসে। এ সময় ওই গ্রামের আরিফ উল্লা বিষয়টি সালিশের মাধ্যমে বিচার করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আরিফ উল্লার সঙ্গে যোগাযোগ করে মেয়েটির পরিবারের লোকজন কোন প্রতিকার পাননি। এ ঘটনার পর থেকে লজ্জা আর ঘৃণায় কলেজ যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। গত ৩১ জুলাই (সোমবার) ভোরে মেয়েটি বিষপান করলে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মেয়েটির মৃত্যু হয়।
ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে কলেজছাত্রীর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর বড় ভাই জুনেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষকসহ ৬ জন কে আসামীকে করে মামলা হয়েছে। পুলিশ অভিযানে নেমেছে।

  • [১]