জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কুশিয়াররা নদী থেকে অবাধে বালি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ বিষয়ে এলাকাবাসির পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নিকট লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সুমন মিয়া বালিশ্রী কুশিয়াররা নদী থেকে অবৈধভাবে এক্সেলেটর মেশিন দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছেন। স্থানীয়রা বালি উত্তোলনে বাধা দিলেও প্রভাব কাটিয়ে যুবলীগ নেতা বালি উত্তোলন করছেন।
স্থানীয় ইমামুল হাসান জানান, গত ৪দিন ধরে যুবলীগ নেতা নদী থেকে বালি তুলে বিক্রি করছেন। আমরা প্রতিবাদ করলেও তিনি শুনেননি। বিষয়টি আমরা লিখিতভাবে প্রশাসনকে অবহিত করেছি।
তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা সুমন মিয়া বলেন, মালিকাধীন জমি থেকে মাটি উত্তোলন করে একটি সরকারি সড়কের কাজে ব্যবহৃত হচ্ছে। কোন নদী থেকে বালি উত্তোলন করা হয়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।