- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নৌকা ডুবাতে সক্রিয় অঙ্গ সংগঠনের কিছু নেতা

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী’র বিরুদ্ধে দলের অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর প্রকাশ্যে অবস্থানের অভিযোগ ওঠেছে। বিশেষ করে সৈয়দপুর, পাটলী ও কলকলিয়া ইউনিয়নে এই অভিযোগ রয়েছে।
কলকলিয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে দলীয় একাধিক নেতাকর্মী এই অভিযোগ করেছেন। পাটলী ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া দলের প্রার্থীর বিরোধিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের সহ সম্পাদক ফারুক কামাল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিশু মিয়া, উপজেলা যুবলীগের সদস্য দবির আহমদ, ছাত্রলীগ নেতা জিগর আলম বাবু দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী অভিযোগ করেছেন।  ফারুক কামাল, শিশু মিয়া, চুনু মিয়া, দবির আহমদ ও জিগর আলম বাবু সকলেই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন,‘আমরা নৌকার পক্ষেই কাজ করছি’।
যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন বলেন,‘জিগর আলম বাবু ছাড়া সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে অন্য কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা নেই আমার, অন্যরা আমার সঙ্গেই নৌকার পক্ষে অর্থাৎ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় রয়েছেন’।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান বলেন,‘কলকলিয়া ইউনিয়নে দলীয় প্রার্থীর সঙ্গে আমার কোন যোগাযোগ নেই, অন্য ইউনিয়নে আমি দলের প্রার্থীর পক্ষেই কাজ করছি’।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন,‘দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে শৃঙ্খলা ভঙের দায়ে ব্যবস্থা নেওয়া হবে’।

  • [১]