- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান ও অফিস সহকারী এম এ সবুরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রলাপ ও উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান বেশকিছু দিন ধরে অফিসে নানা কাজে আসা লোকজনের সাথে অশালীন ও খারাপ ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল উপজেলাবাসীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্র্রী এম এ মান্নান বরাবরে তাদের সন্ত্রাসী ও অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ করেছেন।  
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে ৫ হাজার ভোট পান।       
যে কারণে ইউনিয়নবাসীর প্রতি তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়ব্ধতা তৈরী হয়েছে। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জুবিলী বেগম, ২নং ওয়ার্ড সদস্য লিয়াকত হোসেন অমৃত ৯নং ওয়ার্ড সদস্য  ইকবাল হোসেন সাজাদ কলকলিয়া ইউনিয়নের অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের টাকা উত্তোলনে হয়রানীর বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সঙ্গে  আলোচনা করেন। তাঁরা এ বিষয়ে পিআইও শহিদুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে কে দায়িত্ব দেন। ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে পিআইও কার্যালয়ে গেলে পিআইও শহিদুজ্জামান প্রথমে ইউপি সদস্য জুবিলী বেগমের সাথে দু:ব্যবহার করেন। ইউপি সদস্যর নিকট থেকে কমিটির ফরম নিয়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন। এসময় পিআইও কার্যালয়ে অবস্থানরত স্থানীয় সাংবাদিক আব্দুল হাই প্রতিবাদ করলে পিআইও তাঁর সাথেও অকথ্য ভাষায় কথা বলেন। পরে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের সাথেও দু:ব্যবহার করেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে পিআইও ও অফিসসহকারী সবুর অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ করা হয়েছে। তাই উপজেলাবাসীর স্বার্থ বিবেচনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্র্রী এম এ মান্নান কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে এর লিখিত অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

  • [১]