জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পিতার পূর্ব শক্রতার কারণে প্রাণ গেল ১০ বছরের এক শিশুর। ঘাতকরা তার গলাকেটে হত্যা করে লাশ গ্রামের হাওরে ফেলে দেয়। সোমবার বিকেলে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মজর উদ্দিনের সঙ্গে আবদুল আলী, নানু মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। যার জের ধরে সোমবার দুপুরে মজর উদ্দিনের পুত্র কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শুকুর আলী (১০) কে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু শুকর আলীর পিতা মজর আলী জানান, গ্রামের আলতাব আলী গংদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সঙ্গে বিরোধ হত্যা করতে হয় আমাকে কর, আমার ছেলেকে কেন হত্যা করলে। তার কী দোষ। আমি আমার পুত্রের হত্যাকারীকে ফাঁসি চাই।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।