জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তাজপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা ও প্রবাসীর জায়গা থেকে জোরপূর্বক দুটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সামাদ চৌধুরী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে জহিরপুর গ্রামের এমেল চৌধুরী, আমির হোসেন, জাবির আহমেদ, রাশেদ আহমেদ সহ চারজন তাদের মালিকানাধীন তাজপুর মৌজার ৮৮ শতাংশ চারা রকম ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২৫ জানুয়ারি তার মালিকানাধীন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির দুটি বড় গাছ জোর পূর্বক কেটে নিয়ে গেছে। যার বাজার মূল্য তিন লাখ ২০ হাজার টাকা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানার একজন উপ পরিদর্শক (এস,আই) কে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্তের আলোকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব।