- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ

জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন সহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যাগ নিতে স্থানীয় সরকার সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলায় পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি চলাকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম দেখা করতে এলে তিনি এ নির্দেশনা দেন। পরে নির্বাহী প্রকৌশলী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেন। প্রথমে তিনি ইকড়ছই-চিলাউড়া সড়কের যাত্রাপাশা অংশে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, এসও আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, মিটন দে উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী প্রকৌশলী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সড়কটি চালু রাখতে দ্রুত সংস্কার কাজ করার আহ্বান জানান। এছাড়াও এলজিইডি সড়কটির মান সম্মত কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে সড়কে জরুরি সংস্কার করতে সম্মতি দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার জানান, তিন দফা বন্যায় জগন্নাথপুর উপজেলার ২২টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কগুলো জরুরি রক্ষণাবেক্ষণ করতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর নির্দেশনা মোতাবেক আমরা কাজ শুরু করেছি।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কাজ শুরু করেছি।

  • [১]