জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলছে দায়সারা ভাবে। নামমাত্র বাঁধ নির্মাণ করে দায়িত্ব শেষ করতে যাচ্ছেন ঠিকাদার ও পিআইসির সভাপতি সম্পাদকরা। ফলে সামান্য বৃষ্টি কিংবা অকাল বন্যা দেখা দিলে ফসল হানির ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন।
সরেজমিন নলুয়ার হাওর ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবার প্রতিটি বাঁধেই নাম মাত্র মাটি ফেলা হয়েছে। পিআইসির সদস্যরা পূর্বের বাঁধে সামান্য মাটি ফেলে তাদরে দায়িত্ব শেষ করছেন। পাউবোর মাঠ কর্মকর্তারাও তাদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে কোন কথা বলছেন না। বরং তাদের পক্ষ নিয়ে বলছেন এবার বরাদ্দ এসেছে শুধু ভাঙ্গা গর্ত বন্ধ করার। তাই হাওর রক্ষা বাঁধের কাজ অন্যবারের মতো পুরোপুরি করা যাচ্ছে না।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মৌসুমে জগন্নাথপুর উপজেলার ২২টি পিআইসির অনুকূলে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ আসে। অপরদিকে চারটি ঠিকাদারী গ্রুপের মাধ্যমে দেড় কোটি টাকার কাজ হওয়ার কথা। প্রতিটি পিআইসি কাজের বিবরণ উল্লেখ করে সাইনবোর্ড সাটাঁনোর কথা থাকলেও কোন প্রকল্পেই নেই সাইনর্বোড। জেলার অন্যতম বৃহৎ হাওর নলুয়া হাওরসহ ছোটবড় সবকটি হাওরে এবার ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। সঠিকভাবে বাঁধ নির্মাণ না হওয়ায় কৃষকরা অকাল বন্যার ভয়ে ফসল নিয়ে চিন্তিত। কৃষক ও পাউবো সূত্র মতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা কথা থাকলেও জগন্নাথপুরের সবকটি বাঁধে কাজই শুরু করা যায়নি। বর্তমানে সময়সীমা বাড়ানো হলেও কাজ চলছে মন্থরগতিতে। পাউবোর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের দায়িত্বকালীন সময়ের শেষ প্রকল্প হিসেবে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য ও পাউবো কর্মকর্তার মধ্যে গড়ে উঠেছে আর্থিক সর্ম্পক। ফলে বরাদ্দের অধিকাংশ টাকা লুটপাট হচ্ছে। একইভাবে ঠিকাদারদের সাথে আতাঁত করে পাউবোর কর্মকর্তারা বরাদ্দকৃত টাকা লুটপাটে ব্যস্ত। কৃষকরা কাজের বিষয়ে প্রতিবাদ করলে প্রভাব দেখিয়ে ঠিকাদারের লোকজন কাজ করছেন।
অভিযোগ উঠেছে বেতাউকা নিতাইখালের বাঁধে নিম্নমানের কাজ হয়েছে। এছাড়াও স্লুইসগেইটের উত্তর অংশ থেকে বেড়াখালি গাছ পযর্ন্ত নামমাত্র মাটি ফেলা হয়েছে।
এবিষয়ে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য লেবু মিয়া বলেন,‘আমার কাজ চলমান রয়েছে আরো মাটি কাটা হবে।’
এছাড়াও ভূরাখালি গুদারাঘাট থেকে সালিকা পর্যন্ত পুরোবাঁধের কাজ না করে ভাঙ্গা গর্ত বন্ধ করা হয়েছে।
নলুয়ার হাওরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁধ এটি। ওই বাঁধ ভেঙ্গে কয়েক বছর আগে পুরো নলুয়ার হাওর তলিয়ে যায়। এ বাঁধে নামমাত্র কাজ হওয়ায় কৃষকরা চিন্তিত। এছাড়াও দাসনোওয়াগাঁও থেকে ভূরাখালি ¯¬ুইস গেট পর্যন্ত মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে। কৃষকদের অভিযোগ, নলুয়ার হাওরে যে বাঁধ নির্মাণ হয়েছে সামান্য বৃষ্টি কিংবা অকাল বন্যা দেখা দিলে এসব বাঁধ টিকবে না।
নলুয়ার হাওর পাড়ের ভুরাখালি গ্রামের কৃষক দিলদার হোসেন বলেন,‘নলুয়ার হাওর রক্ষা বেড়িবাঁেধ এবার নামমাত্র কাজ হয়েছে। পিআইসি, ঠিকাদার ও পাউবো মিলে এবার হাওর রক্ষা বাঁধের টাকা লুটপাট করতে মরিয়া হয়ে উঠেছেন। পিআইসির সভাপতি ইউপি সদস্যদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ায় তারা আবারও নির্বাচন করতে বাঁধের টাকা দিয়ে তহবিল তৈরী করতে ব্যস্ত।
দাস নোওয়াগাঁও গ্রামের কৃষক লিটন দাস বলেন,‘নলুয়ার হাওরের ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ এবছর যেভাবে বাঁধের কাজ হয়েছে তা অত্যন্ত নিম্নমানের।’
দিরাই উপজেলার রাজনগর গ্রামের কৃষক, মোবারক হোসেন, মাসুক মিয়া ও সফি মিয়া বলেন,‘নলুয়ার হাওরে আমাদের তিনজনের ২১ কেদার জমি রয়েছে। আমাদের পরিবারগুলো সবসময় এ হাওরের ফসলের ওপর নির্ভরশীল। এভাবে বাঁধের কাজ হতে কখনো দেখিনি। তাই রাতের ঘুম হারাম হয়ে গেছে। ফসল ঘরে তুলতে না পারলে আমাদের জীবন সংগ্রাম অত্যন্ত দুরুহ হয়ে পড়বে।’
বেতাউকা গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন,‘বেতাউকা নিতাইখাল এলাকায় ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করেছিলাম । তারা আরো বড় বড় কথা বলে প্রভাব বিস্তার করে খেয়াল খুশি মতো কাজ করছে। বিষয়টি পাউবোর কর্মকর্তাকে জানিয়ে কোন লাভ হয়নি।’ জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন,‘জগন্নাথপুরের নলুয়ার হাওরে এবার নামমাত্র কাজ হয়েছে। শুধু গর্তগুলো ভরাট করেছে পিআইসি। আর ঠিকাদাররা মেশিন দিয়ে মাটি কেটে দায়িত্ব পালন করছে। এসব বাঁধ সামান্য বৃষ্টি কিংবা অকাল বন্যা হলে টিকবে না। যেকারণে কৃষকরা শঙ্কায় আছেন।’ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন,‘নলুয়ার হাওরের বাঁধ নির্মাণ কাজ চলছে খুব জোরেশোরে। যেসব বাঁধে সমস্যা রয়েছে সেগুলো পিআইসির মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’
জগন্নাথপুর উপজেলার হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজের তদারক কমিটির সদস্য শিক্ষক ফররুখ আহমদ বলেন,‘বেড়িবাঁধের কাজ সরেজমিনে ঘুরে দেখে সন্তুষ্ট হতে পারিনি। হাওর রক্ষা করতে হলে বাঁধের কাজ আরো ভালোভাবে করতে হবে বলে সংশ্লিষ্টদের বলেছি।’
পানি উন্নয়ন বোর্ডের নলুয়ার হাওর তদারককারী মাঠ কর্মকর্তা (এসও) মোসোদ্দেক আহমদ বলেন,‘জগন্নাথপুরে আমরা দিনরাত হাওররক্ষা বাঁধের কাজ শেষ করতে নিরলসভাবে চেষ্টা করছি। যেসব বাঁধে কাজ শেষ হয়নি সেগুলো সঠিকভাবে ৩১ মার্চের মধ্যে শেষ হবে।’