জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে অখিল দাস নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুরেশ দাসের পুত্র।
এলাকাবাসী জানান, রবিবার বিকেলে জগন্নাথপুর কুমারখালি এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারে স্থানীয় বিদ্যুৎ অফিসের লাইনম্যান অখিল দাস কাজ করার সময় নিচে পড়ে যান। এতে তিনি গুরতর আহত হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অখিল দাসের স্বজনরা জানান, অখিল বিদ্যুতের লাইন বন্ধ করে কুমারখালীতে কাজ করতে যান। কিন্তুু কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ অফিস থেকে অসাবধানবশত লাইন চালু করা হলে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যান।
জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী পাবেল আহমদ জানান, অখিল বিদ্যুতের ট্রান্সফরমারের ওপর থেকে অসাবধানতাবশত নীচে পড়ে গিয়ে আহত হলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাবেল বিদ্যুৎ অফিস থেকে অসাবধানবশত লাইন চালুর বিষয়টি অস্বীকার করে বলেন, তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।