জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের এক ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই গ্রামের ফজলু মিয়া স্থানীয় রানীগঞ্জ বাজার থেকে গরু বিক্রি করে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে গন্ধর্বপুর নামক স্থানে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি ছিনতাইকারীদের চিনতে পেরে চিৎকার দিলে স্থানীয় জনতা জড়ো হতে থাকেন।
পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার হবিবপুর গ্রামের মাহমুদ আলীর পুত্র আলীশা মাহমুদ (২০) ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের সৌদি প্রবাসি হাজী কামাল উদ্দিনের পুত্র গুলজার মিয়া (২৫) নামে দুই যুবককে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন। আটক দুই ছিনতাইকারী দীর্ঘদিন ধরে পৌরএলাকার ইকড়ছই গ্রামে বসবাস করে আসছে।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আজমল হোসেন মিঠু জানান, ছিনতাইকারীরা ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা দুই ছিনতাইকারী য্বুককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জগন্নাথপুর থানার ওসি মো মুরসালিন জানান, দুই ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।