- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনতাই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইকারীরা সাড়ে চার লাখ টাকা ও ছয়টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। গত বৃহম্পতিবার রাত সাড়ে ১১টায় জগন্নাথপুর-পাগলা সড়কের খাশিলা রাইসমিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী সঞ্জয় দে বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, খাশিলা অর্জুন সুপার মার্কেটে বিশ্বরূপ টেলিকম সেন্টারের মালিক ও মুঠোফোন কোম্পানী বাংলালিংকের জগন্নাথপুর উপজেলা বিক্রয়  
 প্রতিনিধি সঞ্জয় দে ৩১ আগস্ট রাত সাড়ে ১১টায় নিজ দোকান থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ সড়কগামী একটি অটোরিকশায় উঠলে ৪/৫জনের একদল দুর্বৃত্ত সাথে থাকা সাইট ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে সাড়ে চার লাখ টাকা ও বিভিন্ন কোম্পানীর ফ্লেক্সিলোড বিকাশের ছয়টি মোবাইল ফোন ছিল। ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হলে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ছিনতাইয়ের সময় তার সাথে যামিনী বৈদ্য নামে এক ব্যক্তি ছিলেন, তাকেও দুর্বৃত্তরা মারধর ও ভয়ভীতি দেখায়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস.আই সাইফুল ইসলাম, তপন ও মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন রশীদ চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।  

  • [১]