জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাহে রমজান ও ঈদকে সামনে রেখে ব্যাংকিং কার্যক্রমের নিরাপত্তার লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। বুধবার দুপুরে জগন্নাথপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি মিজানুর রহমান ব্যাংক কর্মকর্তাদের বলেন, ব্যাংক ও গ্রাহকদের মধ্যে বড় অংকের টাকা লেনদেন সময় পুলিশের সহযোগিতা নিতে হবে। ব্যাংকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা চালু ও নিরাপত্তা প্রহরী রাখাতে হবে। ব্যাংক বন্ধ থাকাকালীন সময়ে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা মনিটরিং নিশ্চিত করার জন্য অনুরোধ জানান তিনি।
এসময় জগন্নাথপুর শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার ওয়ালিদ আহমদ, ইসলামী ব্যাংকের ওয়াহিদুল ইসলাম, এঙ্মি ব্যাংকের মোহাম্মদ রেজাউর রফিক, সিটি ব্যাংকের এ এস এম মাজহারুল ইসলাম, জনতা ব্যাংকের কালীপদ দাস, কৃষি ব্যাংকের শুভজিত রায়সহ সকল ব্যাংকের ম্যানেজার ও ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।