জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে লন্ডনি কন্যা সেজে একাধিক বিয়ে করে লাখ লাখ হাতিয়ে নেবার ঘটনায় তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শিউলি বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগম। সিলেটের বিশ^নাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে এরা। এই তিন ভূয়া লন্ডনি কন্যাকেই রোববার বিকালে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে শিউলী, দিলসানা ও ইয়াছমিন বেগম সিলেটে বাড়ি ভাড়া নিয়ে লন্ডনি কন্যা সেজে বিয়ের ব্যবসা শুরু করে। তাদের আত্মীয় সিলেটের ওসমানীনগর থানার করমসি গ্রামের রহিম উল্লাহ্ বিয়ের মধ্যস্ততা করতো এদের। তাদের খপ্পরে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল লন্ডনি কন্যা হিসাবে শিউলী বেগমকে বিয়ে করেন । ৫ লাখ টাকার নগদ কাবিন, ৭ ভরি স্বর্ণালংকার দিয়ে অনারম্ভর আয়োজনে গত ১০ ফেব্রুয়ারি শিউলীকে বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে আসেন আশরাফুল। কয়েকদিন যেতে না যেতেই আশরাফুলের পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় শিউলী।
সম্প্রতি শিউলী আশরাফুলকে মুঠোফোনে জানায়, সে লন্ডনে চলে যাচ্ছে, তাদের সম্পর্ক এখানেই শেষ। এর কয়েকদিন পর আশরাফুল বুঝতে পারেন যে এরা প্রতারক। এরমধ্যে খবর পাওয়া যায় জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে শিউলী।
এঘটনা জেনে আশরাফুল জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার বিকালে পুলিশ এই তিন কন্যাকে কামরুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই তিন ভূয়া লন্ডনি কন্যার বিরুদ্ধে প্রতারণার মামলা গ্রহণ করা হয়ে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
কোর্ট ইন্সপেক্টর আশেক সুজা মামুন রোববার সন্ধ্যায় জানান, আদালত গ্রেপ্তারকৃত তিনজনকেই জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।