জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি (আব্দুস সামাদ আজাদ) আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আহত যুবকরা হলেন, দিরাই উপজেলা সদরের স্বপন আহমদের ছেলে হিমু আহমদ (২২) এবং সুনামগঞ্জের কামাউড়া গ্রামের আরিফুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে জগন্নাথপুর উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে দিরাইয়ের নাচনি যাওয়ার পথে জগন্নাথপুরের নারিকেলতলা নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় মোটরসাইকেল আরোহী দুই যুবক।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, দুর্ঘটনার শিকার দুই যুবককে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেছেন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুপ্রিয়া রানী রায় জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় আমরা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।