জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দেলোয়ার হোসেন নামে এক যাত্রীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ- সিলেট সড়কের পৌর এলাকার ইসহাকপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বাস ষ্ট্যান্ড থেকে জগন্নাথপুর বাস স্ট্যান্ডের উদ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (সিলেট-ব-৫৯৬৪) উল্লেখিত স্থানে পৌছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত উপজেলার মীরপুর
ইউনিয়নের লহরী গ্রামের দেলোয়ার হোসেন কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত লহরী গ্রামের শুকুর আলী (৪৫), আক্তার হোসেন (২২), আনহার মিয়া (৩৪), কবিরপুর গ্রামের হাফিজুর রহমান (২৬), টংগর গ্রামের আরব আলী (২৭), আলিপুর গ্রামের তাহহীদ মিয়া (২৩),চিলাউড়া গ্রামের আনোয়ারা বেগম (৩৫) ও আবু খালেদ (৩৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এস,আই অভিজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদেরকে সিলেট ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে’।