- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে যুবলীগ নেতাকে ইউপি চেয়ারম্যানের হুমকি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে যুবলীগ কর্মীকে ইউপি চেয়ারম্যানের হুমকির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস হাসিম দুপুরে একই ইউনিয়নের যুবলীগ কর্মী রাদেশ দেবনাথকে হুমকি প্রদান করেন। বিষয়টি রাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকে অবহিত করেন এই বলে যে,  তাকে গুলি করার হুমকি প্রদান করেছেন চেয়ারম্যান। এ খবর শুনে দলীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তেড়ে আসেন ইউপি চেয়ারম্যান আবদুস হাসিমের দিকে। এ সময় প্রবীণ আ.লীগ নেতা সিদ্দিক আহমদ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নেতাকর্মীদের শান্ত করেন।
জানা যায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনে প্রায় দেড় দুই বছর পূর্বে উপজেলা পরিষদের অর্থায়নে         ‘কলকলিয়া গনপাঠাগার’ স্থাপিত হয়। কিছুদিন পূর্বে ওই পাঠাগারের নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জাদুঘর ও পাঠাগার নামকরণ করে ব্যানার লাগানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। গতকাল রোববার বিকেলে ওই ব্যানারটি ছিড়ে ফেলা হয়। এ ঘটনায় আজ দুপুরে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাদেশ দেবনাথকে ব্যানার ছিড়ে ফেলায় হুমকি প্রদান করেন।
যুবলীগ নেতা রাদেশ দেবনাথ জানান, ইউনিয়নের চেয়ারম্যান নিজ ক্ষমতার অপব্যবহার করে পাঠাগারের নাম পরিবর্তন করায় ইউনিয়ন জুড়ে উত্তেজনা দেখা দেয়। তিনি আমাকে দুপুরে উপজেলা সদরে ডেকে নিয়ে বলেন, ব্যানার কেন ছিড়লে, বেশী বাড়াবাড়ি কর না। তাহলে গুলি করব।   
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে পরিত্যক্ত পাঠাগারটি সংস্কার করে সর্বসম্মতিক্রমে আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধার নামে পাঠাগারের নামকরণ করে ব্যানার সাঁটানো হয়েছে। কিন্তু এলাকার কিছু দূস্কৃতকারীরা ব্যানারটি ছিড়ে ফেলে।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের আওয়ামীলীগের মুরব্বী সিদ্দিক আহমদ আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

  • [১]