জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মিথ্যা ডাকাতি মামলা দায়ের করার অভিযোগে পুলিশ অভিযোগকারীসহ ৩ জনকে আটক করে শ্রীঘরে রেখেছিল কিন্তুকয়েক ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি শনিবার রাতে ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাঁও) গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র আবদুল কাইয়ুম শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন শুক্রবার রাতে তার বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি একই গ্রামের
শফরুল ইসলাম ও মজর উদ্দিনসহ ১৩ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে জানতে পারে আবদুল কাইয়ুম ও শফরুল ইসলামের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলে আসছে। ডাকাতির কোন আলামত পায়নি পুলিশ। ডাকাতির ঘটনাটি সাজানো ও ভিত্তিহীন। পরে পুলিশ অভিযোগকারী আবদুল কাইয়ুম, তার স্ত্রী রেবেকা বেগম ও মৃত আবদুর রউফের স্ত্রী নেহারুননেছাকে বিকেলে আটক করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ডাকাতির অভিযোগ করায় অভিযোগকারীসহ ৩ জনকে আটক করা হয়েছিল। রাত ৯টার দিকে মুুুুুুুুুচেলকা আদায়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।