- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনকে আটক করে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, টিপু মিয়া, মনু মিয়া, আফজাল হোসেন, জাকার মিয়া, আবু মিয়া, আমিন হোসেন, সুয়েবুর রহমান, সানু মিয়া, সাকিল আহমদ ও আব্দুল গফুর।
জানা যায়, নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নজির হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার গ্রামের এক ব্যক্তির চল্লিশ দিনের শিরনীতে সিরাজ মিয়ার সাথে নজির হোসেনের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে গত বুধবার বিকেলে নজির হোসেনের পক্ষের লোকজনের হাতে সিরাজ মিয়া লাঞ্ছিত হন। এরপর সিরাজ মিয়ার পক্ষের লোকজন বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছ্ুেড়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ফটিক মিয়া (৩৫), বিবিনুর বেগম (৫০), ফাতেমা বেগম (১৪), আব্দুল আলীম (৩০), হাফিজুর রহমান (২৫), মিটু মিয়া (২২), তাসলিমা (১৪), রুমেজ মিয়া (৩২)। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি লাইসেন্সকৃত বন্দুক উদ্ধার এবং ১২ জনকে আটক করে। গুলিবিদ্ধ আট জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক শাহ আলম সিদ্দিকী জানান, গুলিবিদ্ধ আট জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনো থানায় এ বিষয়ে কোন পক্ষ মামলা করেনি।

  • [১]