জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভাঙা-চোরা সড়কে মালবাহী একটি ট্রাক খাদে পড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে জগন্নাথপুরের ভবেরবাজার-নয়াবন্দর-গোয়ালবাজার সড়কের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর-ইশাণকোণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার ট্রাকটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, সিলেট শহর থেকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারের তায়েফ ষ্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে আসার পথে উল্লেখিত স্থানে ট্রাকটি দুর্ঘটনায় পতিত হয়ে খাদে পড়ে যায়। এতে ওই প্রতিষ্ঠানের ট্রাকে থাকা ১১০ বস্তা চাল, ১৫ বস্তা চিনি, ভুষি, খৈইলসহ বিভিন্ন পণ্যসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন ।
তায়েফ স্টোরের ব্যবস্থাপক লিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কটিতে অনেক দিন ধরে কোন সংস্কার না হওয়ায় রাস্তায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হয়। সিলেট থেকে মধ্যরাতে আসার পথে সড়কের ভাঙা-খানাখন্দ স্থানে হঠাৎ করে মালবাহী ট্রাকটি সড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে আমাদের সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, এলজিইডি’র আওতাধীন ভবেরবার-নয়াবন্দর-গোয়ালাবাজার সড়কে র্দীঘ দিন ধরে কোন সংস্কার না হওয়ায় সড়কে যান চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। সড়কের সংস্কার কাজের জন্য গত বছর এ সড়কে প্রায় ৪কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও
আইনি জটিলতায় আটকে যায় সংস্কার কাজ। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। এ সড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া গেছে।