জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের কলকলিয়া-সাদিপুর-তেলিকোণা সড়কের একটি সেতু ধসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়েছে। ফলে প্রায় ৩০ গ্রামের লোকজন দুর্ভোগে পড়েছেন।
গতকাল শুক্রবার ভোররাতে ওই সড়কের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী সেতুর ওপরের বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়ে সবধরনের যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে ওই সড়ক দিয়ে প্রতিনয়ত উপজেলা সদরের সঙ্গে যাতাযাতকারী প্রায় ৩০ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পড়েছেন।
স্থানীয় এলজিইডি ও এলাকাবাসি জানান, কলকলিয়া-সাদিপুর-তেলিকোণা সড়কের আটপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় কয়েকবছর আগে সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুর কিছু অংশ এরইমধ্যে ধসে পড়ে কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল করে আসছিল। গতকাল ভোররাতে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে পড়ে। এজন্য ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী কলকলিয়া ইউনিয়নের আটপাড়া, বালিকান্দি, সাংঙ্গিরগাঁও, গলাখাই, সাদিপুর,কাদিপুর, মোল্লারগাঁও, জগদিশপুর, শ্রীধরপাশা, কামারখাল, তেলিকোণা, কান্দারগাঁও, নোয়াগাঁওসহ প্রায় ৩০ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পড়েন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাসিম জানান, সেতুটির ওপরের বিভিন্ন ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, বিকল্প যাতায়াতের পথ হিসেবে গ্রামের ভেতরের কাঁচা রাস্তা দিয়ে কষ্ট করে যান চলাচল
করছে। আবার অনেককে পায়ে হেঁটে চলাফেরা করতে হচ্ছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষ।
জগন্নাথপুরের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সেতুটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিছু অংশ ধসে পড়ায় যান চলাচলে বিঘিœত হচ্ছে। তিনি বলেন, সেতুটি পুনঃ নির্মাণের জন্য আমরা জরুরি ভিত্তিতে ১৮ লাখ টাকা টেন্ডার আহবান করি। কাজ পেয়েছেন রোপন কন্সট্রাকশন। ঠিকাদারী প্রতিষ্ঠান এরমধ্যে কাজ শুরু করেছেন।