- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে বখাটেদের ছুরিকাঘাত গ্রেফতার ২

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে এক স্কুল ছাত্রীকে বখাটেরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে । তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ  ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম    শ্রেণির এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে পৌর শহরের শহীদ মিনার এলাকার বাসিন্দা মন্টু দাসের পুত্র নির্মল দাস ও পৌর এলাকার ভবানীপুরের সাধু দেবনাথের পুত্র পিংকু দেবনাথসহ কয়েকজন বখাটে উত্যক্ত করে আসছিল। সোমবার বিদ্যালয় ছুটি হওয়ায় পর ওই স্কুল ছাত্রী যাত্রীবাহী একটি লেগুনা দিয়ে বাড়ি যাওয়ার পথে মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় গাড়ি থেকে নামার সময় বখাটে নির্মল  ও পিংকুর নেতৃত্বে ৫/৬ জন অজ্ঞাতনামা বখাটে দুইটি মোটরসাইকেলযোগে মেয়েটির পথরোধ করে তার হাত ধরে টানা হেছরা করতে থাকে। এতে মেয়েটি বাধা দিলে বখাটেরা স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে জগন্নাথপুর সদর বাজারের দিকে পালিয়ে যায়। আহত স্কুল ছাত্রীকে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় পৌর শহর থেকে  স্থানীয় জনতা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বখাটে নির্মল ও পিংকু কে আটক করে পৌর কাউন্সিলর সোহেল আহমদের নিকট নিয়ে যান। পৌর কাউন্সিলর তাদেরকে পুলিশে সোপর্দ করেন।
মামলার বাদী স্কুল ছাত্রীর মা জানান, অনেক দিন ধরে বখাটে নির্র্মল ও পিংকু  স্কুলে যাওয়া আসার পথে আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। ঘটনায় দিন বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে আমার মেয়ের উপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে তার হাতে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।  
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মুরছালিন আহমদ জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নির্মল দাস ও পিংকু দেবনাথকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কে আসামী করা হয়েছে।

  • [১]