- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষা, টিকাদান কেন্দ্রে মানুষের ঢল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গণটিকাদান কর্মসুচির প্রথম দিনে টিকা দিয়েছেন পাঁচ হাজার ৪শ’ জন। শনিবার সকাল ৯টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইনে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মোট ২৭টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে দুইশত জন করে মোট পাঁচ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হয়। তবে কেন্দ্রেগুলোতে স্বাস্খ্যবিধি উপেক্ষিত ছিল।
উপজেলার গণটিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সকাল থেকে কেন্দ্রেগুলোতে টিকা নিতে আসা মানুষের ঢল নামে। অনেকেই পড়েননি মাস্ক। কার আগে কে টিকা নিবেন এ নিয়ে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ছিল ধাক্কাধাক্কির প্রতিযোগিতা। অধিকাংশ টিকাদান কেন্দ্রে দুপুর ২টার আগেই বরাদ্দকৃত টিকা প্রদান শেষ হয়ে যায়। চাহিদার তুলনায় টিকা কম থাকায় টিকা দিতে না পেরে ফিরে গেছেন বেশিরভাগ মানুষ।
এদিকে সকাল থেকে গণটিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ২৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ’ মানুষের মাঝে সিনোফার্মের ভ্যাকসিন (টিকা) প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে প্রথমদিন টিকাদান শেষ হয়েছে।

  • [১]