- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের প্রবাসী অধ্যুষিত বাঘময়নাবাসী গ্রামকে স্বেচ্ছায় লকডাউন ঘোষণা দিলেন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের প্রবাসী অধ্যুষিত বাঘময়না গ্রামবাসী স্বেচ্ছায় নিজেদের গ্রামকে ‘লকডাউন’ করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মঙ্গলবার এলাকার বৃহৎ এই গ্রামের পঞ্চায়েত সদস্যরা এই উদ্যোগ নেন। এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন আশপাশের গ্রামবাসীও। গ্রামের শ্রমজীবী ২৫০ পরিবারকে বিত্তশালীদের সহায়তায় আগামীকাল বুধবার থেকে খাদ্য সহায়তা প্রদান করবে গ্রাম পঞ্চায়েত।
জেলার নদীবন্দর হিসাবে পরিচিত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের লাগোয়া (পাশের) গ্রাম বাঘময়না। প্রায় ৫ হাজার মানুষের এই গ্রামের ৫০০’এর বেশি মানুষ যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন। পৃথিবীব্যাপি করোনা সক্রমণের কয়েকদিন আগেও কেউ কেউ প্রবাস থেকে গ্রামে ফিরেছেন। গ্রামের বেশিরভাগ মানুষই সকাল থেকে রাত অবধি রানীগঞ্জ বাজারে অবস্থান করেন। কেউ ব্যবসা, কেউ শ্রমিক, কেউবা সময় কাটানোর জন্য বা রাজনৈতিক কর্মকা-ের জন্য বাজারে থাকেন। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে কেউ বাজারে যেতে পারবেন না। কেউ কারো বাড়িতেও যেতে পারবেন না। গ্রামের শ্রমজীবী ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেবার জন্য মঙ্গলবার চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, চিনি, চা-পাতাসহ নিত্যপণ্য কিনেছেন পঞ্চায়েত কমিটির লোকজন।
পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গ্রামে প্রবেশ ও বের হবার সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
গ্রামের তরুণ সালেহ আহমদ জানান, পঞ্চায়াতের সিদ্ধান্ত মোতাবেক গ্রাম লকডাউন করা হয়েছে। রাজধানী থেকে ১৫-১৬ জন গার্মেন্টস বাড়ি ফিরেছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা বের হয় কী-না তাও খেয়াল রাখা হচ্ছে। গ্রামের প্রবেশ ও বের হবার পথ বন্ধ করে পঞ্চায়েতের সিদ্ধান্তের বিষয়টি হাতে লিখে সাটানো হয়েছে।
গ্রামের পঞ্চায়েত প্রধান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী জানান, করোনার সংক্রমণ থেকে নিজের সুরক্ষায় গ্রামবাসী সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেউ গ্রাম থেকে বের হতে পারবে না। আবার অন্য কোন গ্রাম থেকেও এই গ্রামে কেউ আসতে পারবে না। গ্রামের শ্রমজীবীদের খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বিত্তশালীরা খাদ্য সহায়তার অর্থ প্রদান করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, শুনেছি বাঘময়না গ্রামবাসী স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রাম। প্রাণঘাতি করোনা থেকে রক্ষা পেতে নিজেরা নিজেদের রক্ষা করতে এই গ্রামের বয়োজ্যেষ্ঠদের আহ্বান জানানো হয়েছিল। তাঁদের এই উদ্যোগ নিজেদের রক্ষা করবে। অন্যদেরও সুরক্ষা হবে।

  • [১]