জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের কালনিচর পয়েন্টে যানবাহন থেকে জোরপূর্বক চাদাঁ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় এক চালককে মারধর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ওই সড়কের অটোরিকশা, সিএনজি, টেস্পু, লেগুনা শ্রমিক সমিতির সভাপতি আবদুল মুকিত এ প্রতিবেদককে জানান, শিবগঞ্জ-বেগমপুর সড়কের কালনিচর নামক স্থানে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনিচর গ্রামের দুলাল মিয়ার নেতৃত্বে একদল চাদাঁবাজ যানবাহন থামিয়ে চালকদের নিকট থেকে চাঁদা আদায় করছে। তাদের দাবিকৃত চাদাঁর টাকা কেউ না দিলে তাকে মারধর করে বেঁধে রাখার হুমকি দেয়া হয়। গত দুইতিন আগে আমাদের এক শ্রমিককে মারধর করেছে তারা। মঙ্গলবারও চালকদের নিকট থেকে চাঁদা আদায় করেছে।
জানা যায়, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের কালনিচর পয়েণ্টে স্থানীয় কালনিচর গ্রামের দুলাল মিয়াসহ কয়েকজন যুবক সড়কের সংস্কার করার কথা বলে ওই সড়কের সব সব ধরনের যানবাহন থেকে প্রতিদিন জোরপূর্বক ৫০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। রোববার এ সড়কে দিয়ে যানবাহন দিয়ে যাচ্ছিলেন পাইলগাও ইউনিয়নের কাতিয়া গ্রামের অটোরিকশা চালক জাকির হোসেন। তিনি কালনিচর পয়েন্টে যাওয়া মাত্র দুলালের নির্দেশে তার লোকজন গাড়ী থামিকে চাঁদা দাবি করে। এতে চালক চাঁদা দিতে অস্বীকার করে তাকে মারধর করে বেঁধে রাখার হুমকি প্রদান করে।
নির্যাতনের শিকার অটোরিকশা চালক জাকির হোসেন জানান, ঈদের দুইদিন আগ থেকে সড়কে সংস্কার কাজ করা হয়েছে বলে আমাদের চালকদের নিকট থেকে দুইদিন টাকা নেয়া হয়েছে। ঈদের একদিন বাদে আমাকে ওই পয়েন্টে আটকে আবারও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে দুলালের নির্দেশে তার লোকজন আমাকে মারধর করে বেঁধে রাখার হুমকি দেয়। পরে অন্যান্য লোকজনের সহযোগিতায় আমি চলে আসে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।